মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ PM

বেঙ্গাডোবা মৌজায় ৩৪৩ খতিয়ানের অনলাইন এন্ট্রি নেই, রেকর্ড ও অনলাইন তথ্যে অসঙ্গতি

মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৯:১২:৪০ PM

মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা মৌজায় জমির নামজারি করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ভূমি মালিকরা। রেকর্ডীয় ভলিউমে দাগ, খতিয়ান ও মালিকের নাম সঠিক থাকলেও অনলাইন ভূমি রেকর্ডে তথ্যের ঘাটতি ও অসঙ্গতির কারণে দীর্ঘদিন ধরে অনেকেই জমি নামজারি করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

মাধবপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, বেঙ্গাডোবা মৌজার ৩৪৩টি খতিয়ানের অনলাইন এন্ট্রি নেই। ফলে এসব খতিয়ানের অন্তর্ভুক্ত জমির নামজারি করতে গিয়ে জটিলতায় পড়ছেন সংশ্লিষ্ট ভূমি মালিকরা। সমস্যা সমাধানে গত ৯ আগস্ট মাধবপুর উপজেলা ভূমি অফিস থেকে হবিগঞ্জ রেকর্ডরুম শাখায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।

ভূমি মালিকদের অভিযোগ, একই জমির রেকর্ডীয় পর্চা ও ভলিউমে দাগ, খতিয়ান ও মালিকানার তথ্য সঠিক রয়েছে। কিন্তু অনলাইন ভূমি রেকর্ডে প্রবেশ করলে অনেক ক্ষেত্রে ভিন্ন দাগ নম্বর ও মালিকের নাম প্রদর্শিত হচ্ছে। আবার বেশ কিছু খতিয়ানের তথ্য অনলাইনেই নেই। ফলে কাগজপত্রে জমির মালিকানা সঠিক থাকার পরও অনলাইন তথ্যের সঙ্গে মিল না থাকায় নামজারি আবেদনে নানা জটিলতা তৈরি হচ্ছে।

সম্প্রতি নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা মৌজার রেকর্ডীয় পর্চা ও অনলাইন রেকর্ডের তথ্য পর্যালোচনাতেও এমন অসঙ্গতির চিত্র পাওয়া গেছে। রেকর্ডীয় নথিতে থাকা দাগ, খতিয়ান ও মালিকানার তথ্যের সঙ্গে অনলাইন তথ্যের মিল না থাকায় সংশ্লিষ্ট ভূমি মালিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

নোয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সুজিত দেব বলেন, ‘শুধু একটি-দুটি নয়, এমন অসংখ্য খতিয়ানের তথ্যের ক্ষেত্রেই একই ধরনের অসঙ্গতি রয়েছে। রেকর্ডীয় ভলিউমের তথ্যের সঙ্গে অনলাইন রেকর্ডের তথ্যের মিল না থাকায় বেঙ্গাডোবা মৌজার নামজারি কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে।’

মাধবপুর উপজেলা ভূমি অফিস সূত্রে আরও জানা গেছে, রেকর্ডীয় ভলিউম ও অনলাইন ভূমি রেকর্ডের তথ্যের মধ্যে অসঙ্গতির কারণে বেঙ্গাডোবা মৌজার অনেক নামজারি আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে ৩৪৩টি খতিয়ানের অনলাইন এন্ট্রি না থাকায় সংশ্লিষ্ট ভূমি মালিকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।

ভুক্তভোগী ভূমি মালিকরা জানান, জমি ক্রয়-বিক্রয়, উত্তরাধিকারসূত্রে মালিকানা পরিবর্তনসহ বিভিন্ন কাজে নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রেকর্ড ও অনলাইন তথ্যের অসঙ্গতি এবং প্রয়োজনীয় খতিয়ানের তথ্য অনলাইনে না থাকায় তারা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভূমি অফিসে গিয়েও সমস্যার সমাধান না পাওয়ায় অনেকেই হতাশ হয়ে পড়েছেন।

তাদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে রেকর্ডীয় ভলিউম ও অনলাইন ভূমি রেকর্ডের তথ্য যাচাই করতে হবে। যেসব ৩৪৩টি খতিয়ানের তথ্য এখনো অনলাইনে এন্ট্রি হয়নি, সেগুলো দ্রুত অন্তর্ভুক্ত করার পাশাপাশি রেকর্ডের সঙ্গে অনলাইন তথ্যের অসঙ্গতিও সংশোধন করতে হবে। একই সঙ্গে প্রকৃত ভূমি মালিকদের হয়রানি বন্ধ করে দ্রুত নামজারির সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ভূমি মালিকদের প্রশ্ন, রেকর্ডীয় ভলিউমে দাগ, খতিয়ান ও মালিকের নাম সঠিক থাকার পরও অনলাইনে ভিন্ন তথ্য কেন প্রদর্শিত হচ্ছে? আবার ৩৪৩টি খতিয়ানের তথ্য অনলাইনে এন্ট্রি না থাকার কারণই বা কী? এসব প্রশ্নের দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. জি. এম. সরফরাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে কাজ চলছে। রেকর্ডীয় ভলিউম ও অনলাইন রেকর্ডের তথ্যের অসঙ্গতি নিরসনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তবে সমস্যাটি কবে নাগাদ পুরোপুরি সমাধান হবে বা কত সময় লাগতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান