সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জৈন্তাপুর উপজেলা শাখা। এ সময় শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ও সম্মাননা পত্র তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার দরবস্ত মা কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলার সাবেক সভাপতি ও কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য ফরিদ আহমদ।
বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান হাতিয়ার শিক্ষা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই মেধার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।
তারা আরও বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন এবং দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জীবনের নতুন অধ্যায়ের সূচনা উল্লেখ করে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক সিলেট জেলা সভাপতি নাজমুল হাসান শিকদার, জেলা সেক্রেটারি আহবাব হোসেন মুরাদ, জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল খালিক, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মাসুম এবং জৈন্তাপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আব্দুল বাছিতসহ অনেকে।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মেধা স্মারক ও সম্মাননা পত্র তুলে দেন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




