ছবি:সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে পুলিন্দ্র মজুমদার (৬৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে পুলিন্দ্র মজুমদার দাবি করেন, উপজেলার চর ইশ্বরপুর গ্রামে তাঁর মালিকানাধীন জমিতে তাঁর ভাই প্রবিত্র মজুমদারের নির্দেশে ছেলে পংকজ মজুমদার দোকানঘর নির্মাণের কাজ করছিলেন। এতে তিনি বাধা দিলে তাঁকে গালিগালাজ করা হয় এবং মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগকারী আরও দাবি করেন, একপর্যায়ে পংকজ মজুমদার ও গিতা মজুমদার তাঁর বসতঘরের দরজা ভাঙার চেষ্টা করেন এবং বাঁশের লাঠি দিয়ে তাঁর ওপর হামলা চালান।
পুলিন্দ্র মজুমদারের অভিযোগ, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে প্রবিত্র মজুমদারসহ কয়েকজন তাঁকে মারধর করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রবিত্র মজুমদার। তিনি বলেন, ‘আমি আমার ভাই পুলিন্দ্র মজুমদারকে মারিনি। সে দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে মামলা করার পাঁয়তারা করছে।’
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




