ছবি:সংগৃহীত
দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ সম্প্রসারণের মাধ্যমে একদিকে বেকারত্ব দূর করা সম্ভব, অন্যদিকে দেশের মানুষের পুষ্টির চাহিদাও পূরণ করা যাবে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (১৬ আগস্ট) সকালে ‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ও জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন কমিটির আয়োজনে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি তাহসিনা রুশদীর লুনা।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপন কুমার ধর।
সভায় মৎস্য চাষে সফল উদ্যোক্তা হিসেবে দেওকলস ইউনিয়নের আবু বক্কর এবং শুঁটকি উৎপাদনে সফল উদ্যোক্তা হিসেবে লামাকাজী ইউনিয়নের জসিম উদ্দিনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। প্রধান অতিথি এমপি তাহসিনা রুশদীর লুনা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন আলমগীর এবং গীতা পাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা ফুলরাণী ভট্টাচার্য।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, উদ্যোক্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




