ছবি:সংগৃহীত
সিলেটে আন্তর্জাতিক মানের ‘ডেন্টাল ট্যুরিজম হাব’ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেছেন, ইউরোপ, উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেটের বিপুলসংখ্যক প্রবাসী রয়েছেন। তাদের উন্নত দন্ত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সিলেটের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে ডেন্টাল ট্যুরিজম হাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শনিবার (১৫ আগস্ট) নবনির্মিত অত্যাধুনিক সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ও জেনারেল হাসপাতালের ডেন্টাল বহির্বিভাগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সেন্ট্রাল ডেন্টাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ ওয়াহিদ, কলেজের ফিন্যান্স ডিরেক্টর ও ওয়েসিস হাসপাতালের চেয়ারম্যান ডা. সুলাইমান আহমেদ এবং কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মুমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটের অনেক প্রবাসী দাঁতের চিকিৎসার জন্য দেশে এসে ঢাকা কিংবা দেশের অন্যান্য শহরে যেতে বাধ্য হন। সিলেটে আন্তর্জাতিক মানের দন্ত চিকিৎসার সুযোগ তৈরি করা গেলে প্রবাসীরা নিজ এলাকায় থেকেই উন্নত চিকিৎসাসেবা নিতে পারবেন।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সিলেটে এমন একটি সুযোগ তৈরি করা, যাতে প্রবাসীরা সহজেই উন্নত চিকিৎসা পান। এতে শুধু চিকিৎসাসেবার উন্নয়ন হবে না, একই সঙ্গে সিলেটের পর্যটন খাতও সমৃদ্ধ হবে।’
ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ও জেনারেল হাসপাতালের নবনির্মিত ডেন্টাল বহির্বিভাগে অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসীদের পাশাপাশি সিলেটের স্থানীয় জনগণও বিশ্বমানের দন্ত চিকিৎসাসেবা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




