সংগৃহিত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই শাহিন মিয়া (২৬) পলাতক রয়েছেন।
নিহত শাবানা বেগম (২৩) মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে। অভিযুক্ত শাহিন মিয়া ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাবানা বেগম বর্তমানে তৃতীয় স্বামীর সঙ্গে সংসার করছেন। এর আগে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সময় দেনমোহর বাবদ পাওয়া ৪০ হাজার টাকা বড় ভাই শাহিন মিয়ার কাছে জমা রেখেছিলেন তিনি। পরে নিজের প্রয়োজনে ওই টাকা থেকে ২০ হাজার টাকা ভাইয়ের কাছ থেকে নেন শাবানা। বাকি ২০ হাজার টাকা শাহিনের কাছেই ছিল।
সম্প্রতি ওই ২০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য ভাইয়ের কাছে দাবি করেন শাবানা। এ নিয়ে গত শুক্রবার শাহিন ঢাকার কাজ ছেড়ে বাড়িতে আসেন। একই সময়ে বাবার বাড়িতে আসেন শাবানাও।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে পাওনা ২০ হাজার টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন মিয়া ছুরি দিয়ে শাবানাকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা শাবানাকে উদ্ধার করে নৌকাযোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকার মধ্যে তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহালসহ ঘটনার তদন্ত শুরু করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পলাতক থাকায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




