ছবি:সংগৃহীত
সিলেটের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের ১৫ একর সরকারি জমিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।
রোববার (৬ সেপ্টেম্বর) প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
পরিদর্শনকালে সিউক চেয়ারম্যান বলেন, স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক ও মানসম্মত খেলার পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। সুষম ও অন্তর্ভুক্তিমূলক অঞ্চলভিত্তিক আধুনিক অবকাঠামো গড়ে তোলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অন্যতম অগ্রাধিকার।
তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে স্থানীয় ক্রীড়া অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার সুযোগ বাড়বে।
স্থান পরিদর্শনকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ এবং সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর (প্রিন্স) উপস্থিত ছিলেন। তারা প্রস্তাবিত জায়গার কারিগরি ও ভূমি-সংক্রান্ত বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে ১৫ একর জমির মধ্যে শাহ্ খুররাম ডিগ্রি কলেজের জায়গা এবং প্রস্তাবিত আধুনিক স্টেডিয়ামের জন্য নির্ধারিত অংশের সীমানা চিহ্নিত করে একটি ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময় সভায় টুকেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, গণদাবি পরিষদের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শাহজাহান আহমদ, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চান মিয়া বাচ্চুসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া গণপূর্ত বিভাগ সিলেট উপ-বিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সারথি দত্ত, উপসহকারী প্রকৌশলী রিপন দেব, শাহ্ খুররাম ডিগ্রি কলেজের প্রধান শিক্ষক কমর উদ্দীন, শিক্ষক নয়ন কুমার বিশ্বাসসহ বিভিন্ন পেশাজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থান পরিদর্শন ও মতবিনিময় শেষে স্থানীয় বাসিন্দারা এলাকায় ক্রীড়া অবকাঠামো উন্নয়নে এমন উদ্যোগকে স্বাগত জানান। তারা দ্রুত প্রকল্পের বাস্তবায়ন কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




