ছবি:সংগৃহীত
মালদ্বীপের মালেতে গত এপ্রিলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কয়েক মাসের ব্যবধানে সেই ভারতের কাছেই এবার ৩-০ গোলে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম দুই ম্যাচে উজবেকিস্তান ও সিরিয়ার কাছে হেরে আগেই চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার। তবে প্রতিপক্ষ ভারত হওয়ায় জয় দিয়ে বাছাইপর্ব শেষ করার লক্ষ্য ছিল বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ আতিকুর রহমানের। শেষ পর্যন্ত সে লক্ষ্য পূরণ হয়নি; বরং বড় হার দিয়েই টুর্নামেন্ট শেষ করতে হয়েছে বাংলাদেশকে।
দোস্তলিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা চোখে পড়ে। ২৬ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। বক্সের ভেতর ভারতের আক্রমণভাগের খেলোয়াড়কে কার্যকরভাবে আটকাতে ব্যর্থ হন বাংলাদেশের দুই ডিফেন্ডার। সুযোগ কাজে লাগিয়ে মণিপুরের ১৮ বছর বয়সী মিডফিল্ডার ড্যানি মেইতেই লাইশরাম বাঁ পায়ের শটে গোল করে ভারতকে এগিয়ে দেন।
প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচের ৬০ মিনিটে থ্রো-ইন থেকে পাওয়া বলে ব্যাক হেড করেন ভারতের এক খেলোয়াড়। বাতাসে ভাসা সেই বল দৃষ্টিনন্দন ব্যাকভলিতে জালে পাঠান মিডফিল্ডার বিশাল যাদব। এতে ব্যবধান দ্বিগুণ করে ভারত।
দুই গোল হজমের পর বাংলাদেশ ব্যবধান কমানোর চেষ্টা করলেও আক্রমণভাগ কার্যকর ভূমিকা রাখতে পারেনি। স্ট্রাইকার মাহী খান ও উহঙ্গার অ্যাডাম আব্বাস কয়েকটি আক্রমণ তৈরি করলেও তা গোলে পরিণত হয়নি।
ম্যাচের শেষ দিকে আবারও রক্ষণভাগের ভুলের সুযোগ নেয় ভারত। বক্সের ভেতর থেকে বদলি মিডফিল্ডার মো. আরবাশ বল জালে পাঠিয়ে ভারতের জয় ৩-০ নিশ্চিত করেন।
দুই গোলের পর বাংলাদেশের ডিফেন্ডার মিঠু চৌধুরী প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন। সিদ্ধান্ত নিয়ে তাঁর অসন্তোষকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
এবারের বাছাইপর্বে বাংলাদেশের শুরুটাই ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২-০ এবং দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ গোলে হারে দলটি। শেষ ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলের হার দিয়ে তিন ম্যাচেই পরাজয় নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।
অন্যদিকে সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করা ভারত স্বাগতিক উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছিল। তবে শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রাখল তারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




