গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ৩ অক্টোবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ PM

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ৩ অক্টোবর

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০১:৫৯:১০ PM

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ৩ অক্টোবর


সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জিবি টেলিভিশনের হলরুমে পাঁচ সদস্যের সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলওয়ার হোসেন দিলু।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই, ২০ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এবং ২২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩ অক্টোবর শনিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন বিকেল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

দীর্ঘদিনের প্রত্যাশা ও অপেক্ষার অবসান ঘটিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ায় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।

গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের প্রকৃত ও মূলধারার সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হওয়ার প্রেক্ষাপটে এবারের নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে এই নির্বাচন একটি উৎসবমুখর মিলনমেলায় পরিণত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বলেন, সবার সহযোগিতা, দোয়া ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য আনোয়ার শাহজাহান, আব্দুল আহাদ, শহিদুর রহমান সুহেদ ও আবুল কালাম। এ ছাড়াও গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তফসিল ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এখন মনোনয়নপত্র সংগ্রহ ও প্রার্থিতা নিয়ে সরগরম হয়ে উঠবে গোলাপগঞ্জের সাংবাদিক অঙ্গন।

জৈন্তাবার্তা/আরআর