মাধবপুরে স্কাউটের উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ PM

মাধবপুরে স্কাউটের উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০২:১৩:১৬ PM

মাধবপুরে স্কাউটের উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন


হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ স্কাউটসের মাধবপুর শাখার আয়োজনে পঞ্চম উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন করা হয়েছে। তিন দিনব্যাপী এ কোর্স চলবে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে প্রেমদাময়ী বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. মেহেদী হাসান।

উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়; এটি শিক্ষার্থীদের সুশৃঙ্খল, দায়িত্বশীল, আত্মনির্ভরশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। স্কাউটিংয়ের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, সময়ানুবর্তিতা ও দেশপ্রেমের চর্চা হয়।

তিনি বলেন, একজন ভালো স্কাউট যেকোনো পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যের পাশে দাঁড়াতে শেখে। দুর্যোগ, সামাজিক সংকট কিংবা মানুষের বিপদের সময় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার মানসিকতা তৈরিতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও দেশসেবার চেতনায় গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।

তিনি কোর্সে অংশ নেওয়া স্কাউটদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজেদের জীবনে প্রয়োগ করার পাশাপাশি বিদ্যালয় ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কবির হোসেন এবং উপজেলা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্কাউট কমিশনার সোলেমান মিয়া।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে পঞ্চম উপদল নেতা ও ষষ্ঠক নেতা—এই দুই গ্রুপে মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৪৭ জন স্কাউট অংশগ্রহণ করছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও স্কাউটিংয়ের মৌলিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

জৈন্তাবার্তা/আরআর