ছবি: জৈন্তা বার্তা
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজরা কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে সিঙ্গাপুরে শীর্ষ ধনীদের মতো বসবাস করছে। অথচ এর খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে; তাদের বিদ্যুৎ ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিনি বলেন, আশার কথা হলো-বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানে সরকার আপ্রাণ চেষ্টা করছে। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের কাজ চলছে, যাতে ভবিষ্যতে এ ধরনের সংকট আর না হয়। পাশাপাশি বাসাবাড়ির ছাদসহ বিভিন্ন স্থানে সৌরবিদ্যুৎ উৎপাদনে সাধারণ নাগরিকদেরও উৎসাহিত করছে সরকার।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি সিলেট জেলা শাখা আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদ হলে এ সভা অনুষ্ঠিত হয়।
এমপি এমরান বলেন প্রাথমিক শিক্ষায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এসব প্রতিষ্ঠানের নানা সমস্যা রয়েছে। প্রয়োজন হলে এসব সমস্যা সমাধানে সংসদে কথা বলবেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। একটি পরিপূর্ণ শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব দাস ঝলকের পরিচালনায় সভায় বক্তব্য দেন এমপি এমরান আহমদ চৌধুরী।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মো. জাহাঙ্গীর আলম ও মো. আব্দুস সালাম, সিলেট বিভাগীয় শাখার সদস্যসচিব এম. এন. জামান নাজমু, সাংগঠনিক সচিব শেখ মো. আজহারুল ইসলাম এবং দপ্তর সচিব মো. লুতফুল্লাহ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




