ছবি:সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনে প্রায় দেড় মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেই। গুরুত্বপূর্ণ এ পদটি দীর্ঘদিন শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। একই সঙ্গে কাঙ্ক্ষিত প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ মানুষ।
উপজেলা প্রশাসনের সার্বিক সমন্বয়, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি এবং জনসাধারণকে প্রশাসনিক সেবা দেওয়ার ক্ষেত্রে ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু আজমিরীগঞ্জে প্রায় দেড় মাস ধরে এ পদে কোনো কর্মকর্তা না থাকায় স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমের গতি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউএনও পদটি শূন্য থাকায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় এবং জরুরি সরকারি কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সরকার দ্রুত একজন ইউএনও পদায়ন করে আজমিরীগঞ্জবাসীর ভোগান্তি দূর করবে-এটাই আমাদের প্রত্যাশা।’
সচেতন মহলের মতে, একটি উপজেলার প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখতে ইউএনওর মতো গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন শূন্যতা থাকা কোনোভাবেই কাম্য নয়। সরকারি উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত এবং প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে দ্রুত এ পদে একজন দক্ষ কর্মকর্তা পদায়ন করা প্রয়োজন।
এদিকে প্রায় দেড় মাস ধরে ইউএনও না থাকার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও লেখালেখি হচ্ছে। একটি উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ এত দীর্ঘ সময় শূন্য থাকার পরও কেন নতুন ইউএনও পদায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না-এ প্রশ্ন এখন আজমিরীগঞ্জবাসীর মধ্যে জোরালো হয়ে উঠেছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




