সংগৃহিত
সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকার আল-মদীনা ফার্মেসির ফ্রিজ থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গেইটের বিপরীতে অবস্থিত আল-মদীনা ফার্মেসিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে ফার্মেসিটির ফ্রিজে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্টদের কাছে ওষুধগুলোর বিষয়ে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি বলে জানানো হয়েছে।
পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ফার্মেসির সামনেই পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তার পাশাপাশি সিলেট মহানগর পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবন করলে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। তাই মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো. আরিফ মিয়া।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




