শনিবার আবারও গণনা করা হবে শাহজালাল মাজারের দানের টাকা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ PM

শনিবার আবারও গণনা করা হবে শাহজালাল মাজারের দানের টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০৩:০১:৩১ PM

শনিবার আবারও গণনা করা হবে শাহজালাল মাজারের দানের টাকা

ফাইল ছবি


প্রায় এক মাস পর চতুর্থবারের মতো আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনা করা হবে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী জানান, জেলা প্রশাসন থেকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং নির্ধারিত সময়েই গণনার কাজ শুরু হবে।

এর আগে তিন দফায় মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। গত ২২ জুন প্রথম দফায় দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার চেক যুক্ত হলে মোট অর্থ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এর ১৮ দিন পর দ্বিতীয় দফায়, ১১ জুলাই দানবাক্স খুলে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণ-রূপাও পাওয়া যায়। সর্বশেষ গত ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও মানতের ডেগ খুলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এ সময় দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি সোনা-রূপার অলঙ্কারও পাওয়া যায়।

সব মিলিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া গেছে, যা প্রশাসনের তত্ত্বাবধানে এসব অর্থ মাজার তহবিলে জমা রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও নির্ধারিত নিয়ম মেনে গণনার কাজ সম্পন্ন করে বিস্তারিত হিসাব প্রকাশ করা হবে।

জৈন্তাবার্তা/আরআর