সংগৃহিত
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে পাসপোর্টের ছবি তোলার স্টেশনগুলোতে কারিগরি জটিলতা দেখা দিয়েছে। এতে অফিসটির নিয়মিত সেবা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন পাসপোর্ট করতে আসা সেবাগ্রহীতারা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে, বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে পাসপোর্টের ছবি তোলার নয়টি স্টেশনে কারিগরি সমস্যা দেখা দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়।
পরে নয়টি স্টেশনের মধ্যে ছয়টি সচল করা সম্ভব হলেও বাকি তিনটি এখনো চালু করা যায়নি। ফলে সেবা কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হচ্ছে।
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপসহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে সাময়িকভাবে সেবা কার্যক্রম বিঘ্নিত হলেও দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আংশিকভাবে কার্যক্রম চালু করা হয়েছে। বাকি তিনটি স্টেশন সচল করার কাজ চলছে।
তিনি বলেন, ‘আমরা আশাবাদী, আগামী রবিবারের মধ্যে বাকি স্টেশনগুলোও সচল হবে। এরপর পাসপোর্ট অফিসের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে।’
এদিকে বৃহস্পতিবার পাসপোর্টসংক্রান্ত কাজ করতে আসা অনেক সেবাগ্রহীতা দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




