সংগৃহীত
লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরও একটি মাইলফলক। ইন্টার মায়ামির জার্সিতে নিজের শততম গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ক্রুজ আজুলের বিপক্ষে তাঁর এই মাইলফলকের গোলটি এসেছে বাঁ পায়ের চেনা জাদুতে নয়, হেড থেকে।
মেসির গোল ও একটি অ্যাসিস্টে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পিওনেস কাপের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) চ্যাম্পিয়ন ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নের মধ্যকার বার্ষিক এই লড়াইয়ে এবারই প্রথম শিরোপা জিতল মায়ামি। চলতি বছরে এটি মেসির প্রথম শিরোপাও।
ম্যাচের ২৪ মিনিটে মেসির মাইলফলকের গোলটি আসে। ডান দিক থেকে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস ছুটে আসে মেসির দিকে। নিজের মার্কারকে টপকে উঁচুতে উঠে হেডে বল জালে পাঠান মেসি।
এরপর ম্যাচের ৮১ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন কাসেমিরো। তাতেই মায়ামির জয় ও শিরোপা নিশ্চিত হয়। ম্যাচসেরার পুরস্কারও ওঠে মেসির হাতে।
ইন্টার মায়ামির হয়ে মাত্র ১১৫ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। কোনো ক্লাব বা জাতীয় দলের হয়ে এটি তাঁর দ্রুততম ১০০ গোল। বার্সেলোনার হয়ে ১০০ গোল করতে মেসির লেগেছিল ১৮৮ ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে এই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ১৭৪ ম্যাচ।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। মায়ামির হয়ে তাঁর প্রথম গোলটিও এসেছিল ক্রুজ আজুলের বিপক্ষে। ক্লাবটির হয়ে মেজর লিগ সকারে ৭৬টি, লিগস কাপে ১৪টি, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ৮টি এবং ফিফা ক্লাব বিশ্বকাপে ১টি গোল করেছেন তিনি।
মায়ামির হয়ে মেসির প্রথম শিরোপা আসে ২০২৩ সালে লিগস কাপ জয়ের মাধ্যমে। পরের বছর দলটি জেতে সাপোর্টার্স শিল্ড। সেই মৌসুমে এমএলএসে ৭৪ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে মায়ামি। এরপর ২০২৫ সালের এমএলএস কাপ জয়েও সামনে থেকে নেতৃত্ব দেন মেসি।
ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসির মোট গোল এখন ৯২৯টি। চলতি এমএলএস মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ২২ ম্যাচে করেছেন ১৯ গোল, যা লিগে সর্বোচ্চ।
এদিকে, মায়ামির নতুন কোচ হিসেবে ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসের যাত্রাও শুরু হলো শিরোপা জয়ের মধ্য দিয়ে। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই মেসির মাইলফলক ও শিরোপা—দুই অর্জনেই উদযাপনের উপলক্ষ পেল ইন্টার মায়ামি।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




