আগামীকাল কারা পাবেন ছুটি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ PM

আগামীকাল কারা পাবেন ছুটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ১২:২৮:২৮ PM

আগামীকাল কারা পাবেন ছুটি

সংগৃহীত


আগামীকাল বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে দিনটি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি নয়।শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মীরা ছুটি পাবেন।

অন্যদিকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত নয়। তাদের নিয়মিত কর্মদিবস হিসেবে অফিস করতে হবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কেউ চাইলে দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে নিতে পারবেন।

বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও ২৩ সেপ্টেম্বর স্বাভাবিক কার্যক্রম চলবে। ব্যাংক, বিমা, করপোরেট অফিসসহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ছুটি প্রযোজ্য হবে না।

‘ইয়াজদাহম’ অর্থ এগারো এবং ‘ফাতেহা’ অর্থ দোয়া করা। হজরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবসকে কেন্দ্র করে মুসলমানদের ধর্মীয় আয়োজন ও দোয়ার দিন হিসেবে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হয়ে আসছে। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি হজরত আবদুল কাদের জিলানী (র.) মৃত্যুবরণ করেন বলে ইসলামের ইতিহাসে উল্লেখ রয়েছে।

সরকারি ক্যালেন্ডারে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম মুসলিম পর্বের একটি ঐচ্ছিক ছুটি। তবে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জিতে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি হিসেবে নির্ধারিত হওয়ায় এদিন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।ছুটি পাবেন: সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী,মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী।

সাধারণ ছুটি পাবেন না: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের কর্মী, করপোরেট ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ছুটির দিন হলেও সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য এটি সাধারণ ছুটির দিন নয়।

জৈন্তাবার্তা/ সুলতানা