সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের সংবর্ধনা ও নতুন কমিটি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ PM

সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের সংবর্ধনা ও নতুন কমিটি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৩:৫৮:১২ PM

সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের  সংবর্ধনা ও নতুন কমিটি

ছবি:সংগৃহীত


 যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লর্ড মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হয়ে সৈয়দপুরের মুখ উজ্জ্বল করা গুণী সন্তানদের সংবর্ধনা এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের নতুন কমিটি গঠন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

জমকালো ও ফলপ্রসূ এ আয়োজনে বিদায়ী কমিটির সভাপতি জিয়াউল ইসলাম সৈয়দ, সাধারণ সম্পাদক সৈয়দ জামিল আহমদ ও ট্রেজারার সৈয়দ সুমন আহমদসহ সংগঠনের সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান নবনির্বাচিত নেতৃত্ব ও সংবর্ধিত অতিথিরা।

সভায় সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শেখ রেজওয়ানুর রহমান এবং ট্রেজারার সৈয়দ রিয়াজ আহমদ।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। একই সঙ্গে তাদের ওপর আস্থা রাখার জন্য সংগঠনের সর্বস্তরের সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান।

এক যৌথ বার্তায় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “কোনো মহান লক্ষ্য একা অর্জন করা সম্ভব নয়। সংগঠনের এই অগ্রযাত্রাকে মসৃণ ও সফল করতে আপনাদের সবার দোয়া, সুপরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমরা বিশ্বাস করি-ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।”

শোকরিয়া ও প্রার্থনা জানিয়ে তারা আরও বলেন, “আল্লাহ তাআলা আমাদের এই আমানত যথাযথভাবে রক্ষার তৌফিক দিন এবং আমাদের এই যৌথ প্রচেষ্টাকে কবুল করুন।”


জৈন্তা বার্তা/ ওয়াদুদ