ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ PM

ছড়া-ড্রেনে ময়লা ফেললে জলাবদ্ধতা ও রোগজীবাণু ছড়াবে: সিসিক প্রশাসক

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৯:৪৫:৩৭ PM

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, এটি নগরবাসীরও দায়িত্ব। সবাই নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের লন্ডন টাওয়ার সংলগ্ন ভূবি ছড়া এবং আগপাড়া কালভার্ট সংলগ্ন ভূবি ছড়া সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, নগরবাসীকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলে গিয়ে শিশুদেরও সচেতন করা হচ্ছে, যাতে তারা বাড়িতে গিয়ে অভিভাবকদের এ বিষয়ে সচেতন করতে পারে। পলিথিনে ময়লা-আবর্জনা ভরে ছড়া বা ড্রেনে ফেললে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হবে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পাশাপাশি পানি দূষিত হয়ে বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, আগপাড়া মৌসুমি আবাসিক এলাকায় বিভিন্ন স্থানে ড্রেন ও খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। পানি প্রবাহের জন্য এ খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়লা-আবর্জনা ফেলা এবং বিভিন্ন স্থানে ছড়া দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ভূবি ছড়াটি একসময় অনেক প্রশস্ত ছিল। বর্তমানে বিভিন্ন স্থানে এটি সরু হয়ে গেছে। সার্ভে করে ছড়ার প্রকৃত অংশ চিহ্নিত করা হবে। যারা ছড়া ও খাল দখল করে স্থাপনা নির্মাণ করেছেন, তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হবে। স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিলে সবারই উপকার হবে। কেউ স্বেচ্ছায় জায়গা ছেড়ে না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছড়া ও ড্রেনে আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ছড়াটির উৎসস্থলে পানির স্বচ্ছতা রয়েছে। কিন্তু বিভিন্ন স্থানে পলিথিন ও বর্জ্য ফেলার কারণে পানি কালো হয়ে মারাত্মকভাবে দূষিত হয়েছে। তাই নগরবাসীকে আরও সচেতন হতে হবে এবং ছড়া, খাল ও ড্রেনে কোনো ধরনের বর্জ্য না ফেলার জন্য অনুরোধ করছি।

পরিদর্শনকালে ভূবি ছড়ার জবরদখলকৃত অংশগুলো চিহ্নিত করে লাল চিহ্ন দেওয়ার মাধ্যমে সেগুলো উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন সিসিক প্রশাসক।

এ সময় সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদিন, প্রকৌশলী সুমন চন্দ্র দেব, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, লন্ডনপ্রবাসী মিনহাজুর রহমান মিনহাজ, সহকারী প্রকৌশলী সুলতানা জাহান শারমিন ও উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

শাহজালাল উপশহরে সড়কের কাজ পরিদর্শন

পরে সিসিক প্রশাসক শাহজালাল উপশহরের ‘ই’ ব্লকের ৬ নম্বর সড়কের আরসিসি ঢালাই কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের গুণগত মান সরেজমিনে যাচাই করেন এবং নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী মো. ইসমাঈলুর রহমান, সহকারী প্রকৌশলী আহমেদ রহমান ও জাবেদ আহমদ, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মেঘনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফাহাদ আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা