আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

এলিভেটেড এক্সপ্রেসওয়ের আদলে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব, মাস্টারপ্ল্যান প্রণয়নে যুক্ত হবেন সংশ্লিষ্ট অংশীজনরা

আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৭:৫০:৩২ অপরাহ্ন

আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর অন্যতম ব্যস্ত এলাকা আম্বরখানার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সমন্বিত ও দীর্ঘমেয়াদি মেগা প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এ লক্ষ্যে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের আদলে আম্বরখানায় অবকাঠামো নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব উঠেছে। পাশাপাশি যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ পরিকল্পনা প্রণয়নে ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, সুশীল সমাজ, সরকারি বিভিন্ন দপ্তরসহ এলাকার অন্যান্য অংশীজনদের মতামত নেওয়া হবে।

রোববার সকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে সুধীজন, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব উদ্যোগের কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, সিলেটকে আধুনিক, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিউক প্রতিশ্রুতিবদ্ধ। আম্বরখানা পয়েন্ট সিলেটের যোগাযোগব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ এলাকার যানজট নিরসনে টেকসই ও আধুনিক প্রকল্প গ্রহণের লক্ষ্যে স্থাপত্য বিশেষজ্ঞ, ট্রাফিক বিভাগ এবং স্থানীয় ব্যবসায়ীদের সুনির্দিষ্ট মতামত ও প্রস্তাবনার ভিত্তিতে একটি বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান তৈরি করা হবে।

তিনি আরও বলেন, এ উদ্যোগ সফল করতে ব্যবসায়ী, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

সভায় বিশেষ গুরুত্ব পায় চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের আদলে সিলেট নগরীতে অবকাঠামো নির্মাণের সম্ভাবনা। সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদ বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়নে এ ধরনের মেগা প্রকল্প গ্রহণ করা সম্ভব কি না, তা বিবেচনা করা যেতে পারে। এ জন্য প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার প্রস্তাব দেন তিনি।

যানজট নিরসনে প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কিছু প্রস্তাবও সভায় উঠে আসে। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি এলজি) মাহমুদা সুলতানা ঢাকার আদলে সিলেট নগরীর মার্কেটগুলোর সাপ্তাহিক ছুটির দিন সমন্বয়ের প্রস্তাব দেন। তিনি বলেন, একদিন একটি মার্কেট এবং পরদিন অন্য একটি মার্কেট বন্ধ রাখার ব্যবস্থা চালু করা গেলে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেব সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশা, বাস ও রিকশার চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি এসব যানবাহনের জন্য নির্দিষ্ট চলাচল এলাকা ও নিয়মনীতি কার্যকর করা জরুরি। পরিকল্পিতভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা গেলে নগরীর যানজট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় জানানো হয়, আম্বরখানার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সরকারি বিভিন্ন দপ্তর, ট্রাফিক বিভাগ, ব্যবসায়ী ও পরিবহন সমিতি, মসজিদ কমিটি এবং এলাকার অন্যান্য অংশীজনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করা হবে। এ লক্ষ্যে স্থপতি ও নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসাইনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি সরেজমিনে আম্বরখানা এলাকা পরিদর্শন করে যানবাহনের চাপ, সড়কের ব্যবহার, বিদ্যমান অবকাঠামো এবং চলাচলের প্রতিবন্ধকতাগুলো পর্যালোচনা করবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর আলোকে পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা করে পর্যটনবান্ধব অবকাঠামো নির্মাণের ওপরও সভায় গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে আম্বরখানার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
সিলেটে জলাতঙ্কের টিকা পেল ৩ হাজার ৭২৩টি কুকুর
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ, আ/টক ২
সিলেটে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি