সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মা-মেয়েসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ডিবিরহাওর লালশাপলা বিলসংলগ্ন একটি পরিত্যক্ত মন্দিরের কাছ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক দুই নারী হলেন খুলনার তেরখাদা উপজেলার নয়া বারশাত গ্রামের রাফেজা বিবি (৪৫), স্বামী মাসুদ মোল্লা, পিতা কাহার শেখ এবং তার মা মেহেরুন বিবি (৭০), স্বামী কাহার শেখ।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে খুলনা থেকে এক দালালের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে ওই দুই নারীকে জৈন্তাপুর সীমান্তবর্তী ডিবিরহাওর এলাকায় নিয়ে আসা হয়। সেখানে লালশাপলা বিলসংলগ্ন একটি পরিত্যক্ত মন্দিরের কাছে স্থানীয় আরেক দালালের কাছে তাদের পৌঁছে দেওয়ার কথা ছিল। এ সময় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ ডিবিরহাওর বিওপির টহল দল তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়।
আটক রাফেজা বিবি জানান, ভারতের কলকাতা এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে খুলনার স্থানীয় এক দালাল তাদের সীমান্ত এলাকায় নিয়ে আসেন। এ সময় দালাল চক্রের সদস্যরা তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুদ্দিন আহমেদ বলেন, শনিবার সকালে ডিবিরহাওর বিওপির টহল দল সন্দেহজনক এলাকায় ওই দুই নারীকে চলাচল করতে দেখে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা দালালের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার কথা স্বীকার করেন। পরে তাদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক দুই নারীর বক্তব্যের ভিত্তিতে খুলনা থেকে আসা দালালের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জৈন্তাপুর উপজেলার স্থানীয় আরও এক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দালালের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে সীমান্তপথে ভারতে নেওয়ার এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
জৈন্তাবার্তা/ সুলতানা




