ছবি:সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদলের সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সরকার। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সন্তান।
জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে দেশের ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় যুবদলের ২২ নেতাকে দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
দায়িত্বপ্রাপ্ত নেতারা আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকার সাংগঠনিক কার্যক্রম তদারকি ও পরিবীক্ষণ করবেন।
গত ২১ নভেম্বর শনিবার কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় প্রকাশিত এ তালিকায় সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার দায়িত্ব দেওয়া হয়েছে মাহবুবুর রহমান সরকারকে।
এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় সুনামগঞ্জ ও জামালগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে মাহবুবুর রহমান সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




