ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গত তিন দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় পাকা আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। রোদের দেখা না মেলায় মাঠে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। এতে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক চাষিরা।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ পাকা আমন ধান কাটার অপেক্ষায় রয়েছে। অনেক কৃষক ইতোমধ্যে ধান কাটা শুরু করলেও বৃষ্টির কারণে তা মাঠেই পড়ে আছে। আবার কেউ কেউ ধান কেটে বাড়ির আঙিনায় তুললেও রোদের অভাবে শুকাতে পারছেন না। ফলে ভেজা ধান স্তূপ করে রাখতে হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, চলতি বছর আমন ধানের ভালো ফলন হওয়ায় তারা বেশ আশাবাদী ছিলেন। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে অসময়ের বৃষ্টি তাদের সেই আশায় কিছুটা শঙ্কা তৈরি করেছে।
উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের কৃষক আলমগীর বলেন, ‘মাঠের ধান পেকে একেবারে নুয়ে পড়েছে। তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ক্ষেতে পানি জমেছে। ফলে শ্রমিক দিয়ে ধান কাটানো যাচ্ছে না। যেটুকু কেটে বাড়িতে এনেছি, রোদের অভাবে সেগুলোও শুকাতে পারছি না।’
এদিকে বৈরী আবহাওয়ার কারণে ধান কাটার শ্রমিক ও ধান কাটার যন্ত্রপাতি মাঠে নামানো যাচ্ছে না। এতে নির্ধারিত সময়ে ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কৃষকরা।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, ‘বর্তমানে যে বৃষ্টি হচ্ছে, তা শীতকালীন সবজির জন্য উপযোগী ও উপকারী। এতে আমন ধানের ক্ষতির কোনো আশঙ্কা নেই। বরং শীতকালীন সবজির ভালো উৎপাদনের জন্য আরও প্রচুর বৃষ্টি প্রয়োজন।’
তিনি কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




