সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বড় প্রকল্প অনুমোদন
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বড় প্রকল্প অনুমোদন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ০৯:৩৩:০১ অপরাহ্ন

সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বড় প্রকল্প অনুমোদন

ফাইল ছবি


 সিলেট বিভাগের পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট বিভাগের পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যুৎ সরবরাহের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

একই সভায় মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

সিলেট বিভাগের জন্য গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্প
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত দুটি নতুন প্রকল্পের একটি হলো-বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধি প্রকল্প।
এ প্রকল্পের মাধ্যমে সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ অবকাঠামোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মোকাবিলা, বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ জনপদে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন গ্রামীণ এলাকায় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি, নতুন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠা এবং আবাসিক সংযোগ সম্প্রসারণের প্রেক্ষাপটে প্রকল্পটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১০ প্রকল্পে অর্থায়ন যেভাবে
অনুমোদিত ১০টি প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে অনুমোদিত তালিকায়।

স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো ও পানি উন্নয়ন
স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন। এর সঙ্গে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দুটি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদিত হয়েছে।
এ ছাড়া চরফ্যাশন উপজেলায় স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের চতুর্থ সংশোধন এবং কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্পও অনুমোদন পেয়েছে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাত প্রকল্প
এদিকে ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও সাতটি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা, কেন্দ্রীয় প্যাকিং হাউসের উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের উন্নয়ন, অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টারের সক্ষমতা বৃদ্ধি এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: