বিয়ানীবাজারে উন্নয়নকাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি এমরান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

বিয়ানীবাজারে উন্নয়নকাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি এমরান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ০৭:৫৪:৩১ অপরাহ্ন

বিয়ানীবাজারে উন্নয়নকাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি এমরান

ছবি:সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। বুধবার (২৫ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, নদীভাঙনকবলিত এলাকা, খাল ও গ্রামীণ সড়ক পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও দুর্ভোগের খোঁজখবর নেন।

সফরের শুরুতে সংসদ সদস্য দেউলগ্রাম মাদ্রাসা ও দেউলগ্রাম দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সার্বিক পরিবেশ ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে দেউলগ্রাম এলাকায় কুশিয়ারা নদীর ভাঙনকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। নদীভাঙনের কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা শোনেন এবং এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া তিনি শাহজালাল যুব সংস্থার কার্যালয়, এলাকার গুরুত্বপূর্ণ বড় খাল এবং দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া বিভিন্ন গ্রামীণ সড়ক ঘুরে দেখেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের উদ্দেশে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ‘উত্তরাধিকার সূত্রে এ অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এসব সমস্যা সমাধানের দায়িত্ব এখন আমার ওপর পড়েছে। ইনশাআল্লাহ, এ অঞ্চল আর অবহেলিত থাকবে না।’

উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, কুড়ারবাজার ইউনিয়নের বিভিন্ন সড়ক সংস্কার ও নির্মাণের জন্য ইতোমধ্যে একাধিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। অতীতের সব জঞ্জাল ও জটিলতা নিরসনে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। এ অঞ্চলের মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।

এ সময় সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি এবং জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য গুলজার আহমদ রাহেল।

এ ছাড়া উপস্থিত ছিলেন কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, যুবদল নেতা নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহিম এবং লুটন যুবদলের সদস্য শাহেদ আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ