সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন জৈন্তেশ্বরী বাড়ি পরিদর্শন করেছেন বর্তমান সরকারের দুই মন্ত্রী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঐতিহাসিক এ স্থাপনা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা জৈন্তাপুরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন জৈন্তেশ্বরী বাড়ি (বিচারালয়), জৈন্তা রাজবাড়ি, সারিঘাটে মহাসড়কের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক রাজার পান্থশালা এবং রাজা বিজয় সিংহের সমাধিসৌধ ঘুরে দেখেন।
এ সময় মন্ত্রীরা বলেন, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো একটি জাতির সংস্কৃতি ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এসব স্থাপনা আমাদের অতীত ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। তাই এগুলো সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে এসব ঐতিহাসিক স্থাপনাকে পর্যটক ও দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তাঁরা আরও বলেন, জৈন্তাপুরের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য জাতীয় সম্পদ। নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহাসিক নিদর্শনের গুরুত্ব তুলে ধরতে এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে স্থাপনাগুলোর সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন ও পর্যটনবান্ধব পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রীরা সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চলমান কাজের অগ্রগতিও সরেজমিনে ঘুরে দেখেন।
এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিলেট ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার সহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের উদ্দেশ্যে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গোয়াইনঘাট উপজেলার উদ্দেশ্যে জৈন্তাপুর ত্যাগ করেন।
জৈন্তাবার্তা/ সুলতানা




