সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৪ বোতল ভারতীয় মদসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) রাত ২টা ৫৫ মিনিটের দিকে জৈন্তাপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় জাফলংয়ের দিক থেকে আসা একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালকসহ গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি অটোরিকশাটি সড়কে ফেলে অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে অটোরিকশাটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২২ বোতল 'ICONiQ WHITE' ও ১২ বোতল 'OC BLUE' ব্র্যান্ডের সর্বমোট ৩৪ বোতল (২৫.৫ লিটার) ভারতীয় মদ জব্দ করা হয়। এ সময় মদ বহনকারী নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মাদক নির্মূলে জৈন্তাপুর থানার পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। অভিযানে উদ্ধারকৃত ৩৪ বোতল ভারতীয় মদ ও নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




