মাশরাফির নেতৃত্বে উজ্জীবিত তারুণ্যনির্ভর সিলেট
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৬ PM

মাশরাফির নেতৃত্বে উজ্জীবিত তারুণ্যনির্ভর সিলেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ০২:২৯:৫২ AM

মাশরাফির নেতৃত্বে উজ্জীবিত তারুণ্যনির্ভর সিলেট

ফাইল ছবি


গত আসরের ফাইনালিস্ট মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স এবারও দল সাজিয়েছে তারুণ্যে জোর দিয়ে। দলে দেশি ক্রিকেটারদেরই আধিপত্য। এর পাশাপাশি আছেন কিছু নামীদামী বিদেশি তারকা। গত আসরের ক্রিকেটারদের মধ্যে মাশরাফিসহ মোট ৪ জনকে রিটেইন করেছে সিলেট। মাশরাফি বাদে বাকিরা হচ্ছেন জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত এবং তানজিম হাসান সাকিব। সরাসরি চুক্তিতে খুব বেশি ক্রিকেটারকে দলে না ভেড়ালেও প্লেয়ার্স ড্রাফট থেকে বেশ কিছু সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারকে দলে টেনেছে সিলেট। যার ফলে এবারও শিরোপার জন্য বেশ ভালোভাবেই লড়াই করতে সক্ষম মাশরাফির দল।

ওপেনিংয়ে সিলেট ভরসা রাখতে পারে জাকির হাসানের ওপর। তার সঙ্গী হিসেবে দুরন্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত বা ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত মুখ মোহাম্মদ মিঠুনকে দেখা যেতে পারে। তবে শান্ত তিন নম্বরে খেলে অভ্যস্ত হওয়ায় ওপেনিংয়ে অন্য কাউকে জাকিরের সঙ্গী করে শান্তকে তার স্বাচ্ছন্দ্যের তিন নম্বর পজিশনেও খেলাতে পারে সিলেট।


মিডল অর্ডারটা দারুণ সমৃদ্ধ সিলেটের। রায়ান বার্ল, হ্যারি টেক্টর, বেন কাটিংয়ের মত নামীদামী বিদেশি ক্রিকেটার আছেন সিলেটের ডেরায়। সেই সাথে দলে আছেন জাওয়াদ রোয়েন, সালমান হোসেন ইমনের মত আনকোরারাও। এছাড়া জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং আরিফুল হকরাও মিডল অর্ডারে দলের বড় আস্থার নাম হতে যাচ্ছেন।

বোলিং বিভাগটা বেশ শক্তপোক্ত সিলেটের, বিশেষ করে পেস বোলিং। মাশরাফি বিন মুর্তজা তো আছেনই সেই সাথে দলে আছেন কিছুদিন আগেই জাতীয় দলে সুযোগ পাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব। গত আসরে সিলেটের হয়ে দারুণ খেলা পেসার রেজাউর রহমান রাজা এবারও খেলবেন সিলেটের জার্সি গায়ে। দেশি বোলারদের মধ্যে আরও আছেন নাজমুল ইসলাম অপু, নাঈম হাসান, শফিকুল ইসলামরা।

বিদেশি বোলারদের মধ্যে শ্রীলঙ্কান দুশান হেমন্থের সাথে সিলেটের ডেরায় আছেন জিম্বাবুয়ের রিচার্ড এনগাভারা। বেশকিছু কার্যকরী ক্রিকেটার নিয়ে ভালো একটা দল আছে সিলেটের। আগের আসরেও প্রায় কাছাকাছি মানের দল নিয়েই ফাইনালে উঠেছিল সিলেট স্ট্রাইকার্স।

সিলেটের ব্যাপারে আলাদা করে বলতেই হচ্ছে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের কথা। দেশের ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফির নেতৃত্বে গত আসরে আনকোরা এক দল নিয়ে ফাইনাল খেলেছিল সিলেট। দলে ছিল পারফর্মার তরুণ ক্রিকেটারের ছড়াছড়ি। জাকির, শান্ত, তাওহিদ হৃদয়রা বিপিএলের মঞ্চে নিজেদের উজাড় করে দিয়েছিলেন। ফাইনালে প্রতিপক্ষ দলটা তারকায় ঠাসা কুমিল্লা ভিক্টোরিয়ান্স না হলে হয়তবা শিরোপাও জিততে পারত মাশরাফির সিলেট। এবারও গত আসরের সাফল্যের পুনরাবৃত্তিটা নিশ্চিতভাবেই করতে চাইবে সিলেট।

১৯ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে মাশরাফির সিলেট।

একনজরে সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, বেন কাটিং, জর্জ গ্রিনশো, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রোয়েন, সালমান হোসেন ইমন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা