জাকিরের ফিফটিতে সিলেটের লড়াকু পুঁজি
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৩ PM

জাকিরের ফিফটিতে সিলেটের লড়াকু পুঁজি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৪ ০৯:৪৫:১৫ AM

জাকিরের ফিফটিতে সিলেটের লড়াকু পুঁজি

ছবি: সংগৃহীত


শুরুটা হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোমকে দিয়ে। তার ওভারেই ১২ রান নিয়ে উড়ন্ত শুরু পায় সিলেট স্ট্রাইকার্স। তবে মাঝে চট্টগ্রামের বোলাররা তাতে লাগাম টানেন, ফলে রানের গতিও কিছুটা কমে আসে। তবে জাকির হাসানের ফিফটি ও মোহাম্মদ মিঠুনের ৪০ রানের সুবাদে বড় সংগ্রহ পেতে অসুবিধা হয়নি সিলেটের। মাশরাফি বিন মুর্তজার দল নির্ধারিত ওভারে ২ উইকেটে ১৭৭ রানের বড় পুঁজি পেয়েছে

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে বিপিএলের দশম আসর। প্রথম ম্যাচটা যদিও বড় স্কোর দেখেনি। তাই মিরপুরের মাঠে বড় রানের আশাটা কিছুটা যেন মিইয়ে যেতে বসেছিল। তবে সিলেটের ব্যাটসম্যানরা সেই ভাবনায় সাময়িক স্বস্তি এনে দিয়েছেন। বাঁ-হাতি ব্যাটসম্যান জাকির সর্বোচ্চ ৭০ রান (৪৩ বল), মিঠুন ৪০ (২৮ বল), নাজমুল হোসেন শান্ত ৩৬ রান (৩০ বল) এবং আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর করেন ২৬ রান (২০ বল)।

এর আগে টস জিতে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত সিলেটকে ব্যাটিংয়ে পাঠান। ওপেনিংয়ে মিঠুনকে নামিয়ে বাজিয়ে দেখেছে সিলেট। তাতে দলটি সফলই হয়েছে বলা চলে। শান্তকে সঙ্গে নিয়ে সিলেটের এই সহ-অধিনায়ক রানের গতি বাড়াতে থাকেন। প্রথম পাওয়ার প্লেতে সিলেট কোনো উইকেট না হারিয়েই তোলে ৪৭ রান। এরপর শান্ত-মিঠুনের জুটি ভেঙে চট্টগ্রামকে প্রথম ব্রেকথ্রু এনে দেন স্পিনার নিহাদুজ্জামান। ম্যাচে বাংলাদেশি এই বোলারের ইকোনমিও ছিল মোটামুটি ভালো। সিলেটের প্রথম উইকেটের পতন হয় ৬৭ রানে ।

নিহাদকে উড়িয়ে মারার চেষ্টায় শান্ত ক্যাচ দেন শ্রীলঙ্কান ক্রিকেটার আভিশকা ফার্নান্দোকে। এরপর ক্রিজে মিঠুনের সঙ্গী হন জাকির। দুজনের জুটিতে ২৮ রান উঠতেই বিদায় নেন মিঠুনও। ৪টি চার ও ২ ছক্কায় তিনি ৪০ রান করে চট্টগ্রামের কিপার নিহাদুজ্জামানের হাতে বন্দি হন, উইকেটটি গেছে আইরিশ পেসার কার্টিস ক্যাম্ফারের দখলে। এরপর আর সিলেট উইকেট হারায়নি। শিশিরে মাঠ ভেজা থাকায় খেলায় বিরতি দিয়ে শুকানোর কার্যক্রম চালাতে হয়, এছাড়া অষ্টম ওভারের খেলা চলাকালে অজানা কারণে বন্ধ হয়ে যায় ফ্লাডলাইটের আলো। তখন ম্যাচ বন্ধ থাকে ১২ মিনিট।

ম্যাচটিতে সিলেটের লড়াকু পুঁজির পেছনে বড় অবদান রেখেছেন জাকির। মাঝে ব্যাট-বলে না মিললেও, শেষ পর্যন্ত তিনি সেই বাধা উৎরে গেছেন। ৭টি চার ও এক ছক্কায় শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭০ রানে। তাকে বেশ ভালো সঙ্গ দেওয়া আইরিশ ব্যাটার টেক্টরও দুটি চারের বাউন্ডারিতে ২৬ রানে অপরাজিত ছিলেন।

চট্টগ্রামের হয়ে এদিন উইকেট না পেলেও সবচেয়ে কম খরুচে ছিলেন ওমানের বাঁ-হাতি পেসার বিলাল খান। ৪ ওভারে তিনি ৩০ রান দেন। বন্দরনগরীর দলটির পক্ষে একটি করে উইকেট শিকার করেছেন নিহাদুজ্জামান ও ক্যাম্ফার।

এম সি



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা