হবিগঞ্জে ২ কোটি টাকা বরাদ্দের ফাইল গায়েব
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে ২ কোটি টাকা বরাদ্দের ফাইল গায়েব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ১১:৪২:৫৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে ২ কোটি টাকা বরাদ্দের ফাইল গায়েব

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের লাখাই উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) ৫৪০ মেট্রিক টন চাল (বাজার মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা) বরাদ্দের ফাইল গায়েবের ঘটনায় এবার উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে সিনিয়র হবিগঞ্জের স্পেশাল জজ ও দায়রা আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নূর, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. নোমান সারওয়ার জনি, বামৈ ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন ফুরুক, করাব ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কদ্দুছ ও বুল্লা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ।

মামলায় বাদীপক্ষের আইনজীবী এমএএএম গউছ উদ্দিন জানান, দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালককে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন।

মামলার বাদী লাখাই ইউপির সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন সংবাদপত্রে লাখাই উপজেলার কাবিখা প্রকল্পের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বুঝা যায়, উপজেলা চেয়ারম্যানসহ অন্য আসামিরা এ দুর্নীতির সঙ্গে জড়িত। দেশের সম্পদ এভাবে লুট হতে দেওয়া যায় না। তাই একজন সচেতন মানুষ হিসেবে এ মামলা দায়ের করেছি।

মামলার অভিযোগ সম্পর্কে জানতে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আমার প্রতি অসন্তুষ্ট করতে মামলাটি দায়ের করা হয়েছে। প্রত্যেক নাগরিকের মামলা করার অধিকার আছে। এ প্রকল্পের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

তিনি বলেন, যে প্রকল্পের কথা বলা হচ্ছে, তা উপজেলা পরিষদের বরাদ্দকৃত প্রকল্প নয়। এটি একটি বিশেষ প্রকল্প। সবকিছু ইউএনও দেখে থাকেন। আমি শুধু কমিটির অনুমোদন দিয়েছি। অথচ মামলায় ইউএনওকে আসামি করা হয়নি। আমার নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ ও সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নূরের সুপারিশে ২০২২-২০২৩ অর্থবছরে ৮টি প্রকল্পে ৫৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। যার মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা। আসামিরা প্রকল্প গ্রহণ, অনুমোদন, বরাদ্দ গ্রহণ ও প্রকল্প সম্পন্ন হওয়ার ভুয়া কাগজপত্র তৈরি করে টাকা আত্মসাৎ করেন। বাস্তবে ওই প্রকল্পগুলোর কোনো অস্তিত্ব নেই। প্রকল্পের যাবতীয় কাগজপত্র তৈরি করে ভুয়া তথ্য যুক্ত করে প্রধান নির্বাহী ব্যক্তি হিসেবে স্বাক্ষর দিয়ে ওই টাকা আত্মসাৎ করেছেন।

উল্লেখ্য, এ প্রকল্পের দুর্নীতি নিয়ে এর আগে দুটি মামলা দায়ের করা হয়েছে। গত ২১ মার্চ উপজেলার বামৈ ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন ফুরুক ও সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নূরসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে প্রথম মামলা দায়ের হয়। এরপর করাব ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কদ্দুছ, বুল্লা ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ ও সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নূরকে আসামি করে আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়।

এ প্রকল্প নিয়ে তৃতীয় মামলায় উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদকে আসামি করা হলো।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক