সিসি ক্যামেরা থাকছে না জাতীয় নির্বাচনে
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৫৭ AM

সিসি ক্যামেরা থাকছে না জাতীয় নির্বাচনে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ০৯:৩৩:২৪ AM

সিসি ক্যামেরা থাকছে না জাতীয় নির্বাচনে

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ডাকাত ধরার সিসি ক্যামেরা থাকছে না। বাজেট সংকট ও বাস্তবায়ন জটিলতায় পরিকল্পনা থেকে ইসি সরে এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তবে সিসি ক্যামেরা ব্যবহার করতে পারলে ভালো হতো বলে মন্তব্য করেছেন এই নির্বাচন কমিশনার। শুরু থেকে যন্ত্রটিকে সুষ্ঠু নির্বাচনের সহায়ক হিসেবে বলে আসছিল ইসি।

বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে ভোট কক্ষের ডাকাত ধরতে বেশ তৎপরতা দেখিয়ে আসছে। বলা হয়েছিল, ভোট ছিনতাইয়ে বাধা হয়ে থাকবে ইভিএম ও সিসি ক্যামেরা। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটের মাঠ থেকে তথ্য না আসলেও ক্যামেরায় অনিয়ম দেখে ভোট বন্ধ করে ইসি। ইভিএমের এবার ডাকাত ধরার সেই যন্ত্র ব্যবহার থেকেও সরে এলো ইসি।

যদিও গাইবান্ধার উপনির্বাচনের ঘটনায় ইসির সমালোচনা করেছিলেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। যদিও তখন থেকেই কোনো চাপে থাকার কথা অস্বীকার করেছে ইসি।

রাশেদা সুলতানা বলেন, চাপ নেই বলেই তো গাইবান্ধার পর আরও অনেক নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করেছি। বাজেট এবং যেটুকু ব্যবস্থাপনার আয়ত্তে ছিল, সে অনুযায়ী নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

বিভিন্ন সময়ে ভোটের অনিয়মে মাঠ প্রশাসনের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এমনকি শাস্তিও হয়েছে কখনও কখনও। সিসি ক্যামেরা না থাকায় এখন কেবল মাঠের ওপর ভরসা করতে হবে কমিশনকে।

এ প্রসঙ্গে রাশেদা সুলতানা বলেন, সিসি ক্যামেরা ব্যবহার করতে পারলে ভালো হতো। কিন্তু সবকিছু তো আমাদের আয়ত্তের মধ্যে থাকে না। আরপিওতে প্রিজাডিং অফিসারদের ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে। তারা এখন আমাদের হয়ে কাজ করবেন। সিসি ক্যামেরার মতো কাজ করবে। এর আগে, নির্বাচন কমিশনের বৈঠকে সিসি ক্যামেরা ব্যবহারের পক্ষে মত দিয়েছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও বিশেষজ্ঞরা।

এম সি