ছবি নিজস্ব
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাজারের মহিলা কর্নার নামে মহিলাদের জন্য বরাদ্দ হওয়া দোকানকোঠা দীর্ঘদিন ধরে পুরুষ দ্বারা পরিচালিত হচ্ছিল। এ নিয়ে দৈনিক জৈন্তাবার্তা পত্রিকায় সংবাদ প্রকাশ করাসহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করা হলে বুধবার (৬ নভেম্বর) উপজেলা প্রকৌশলী রাকিব হাসান স্বাক্ষরিত এক আদেশে বাহুবল বাজারের মহিলা কর্নারের ৩টি দোকানের চুক্তি বাতিল করা হয়েছে।
বাহুবল বাজারের মহিলা কর্নারের ৩টি দোকানের চুক্তি বাতিলের ভাড়াটে মহিলারা হলেন- ৪নং বাহুবল সদর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর বোন ও বাহুবল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলমের স্ত্রী জেসমিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার এবং যুবলীগ নেতা মজনু মিয়ার স্ত্রী লিজা আক্তার।
উল্লেখ্য, দৈনিক জৈন্তাবার্তা'য় সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে বাহুবল বাজারে তোলপাড় শুরু হয় এবং অন্যান্য মহিলা আবেদনকারীদের মাঝে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তাদের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়। চাপের মুখে উপজেলা প্রকৌশলী ওই তিন মহিলাকে শোকজ করেন। শোকজের জবাবে পুরুষ নিয়োগের কথা স্বীকারও করেন তারা। অবশেষে সংবাদ প্রকাশের দুই মাস পেরিয়ে যাওয়ার পর গত ৬ নভেম্বর ব্যবস্থা নেয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল জানান, যেহেতু ওই মহিলারা আগেও ঘর বরাদ্দ পেয়ে অভিযুক্ত হয়েছিলেন, সেহেতু পরবর্তীতে তাদেরকেই পূনরায় দোকানঘর বরাদ্দ দেওয়া প্রশাসনের উচিৎ হয়নি। বর্তমান চুক্তি বাতিল করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, আগের অভিযুক্তরা যেন আর বরাদ্দ না পায় সেদিকে প্রশাসনের যেন সুদৃষ্টি থাকে। প্রশাসনের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রকৃত মহিলা ব্যবসায়ীদের যেন দোকানকোঠা বরাদ্দ দেওয়া হয়। যেহেতু দুইবার ইউনিয়ন পরিষদের মাধ্যমে নামের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ঘুরেফিরে একই নাম দেওয়া হয়, সে কারণে সকল মহিলা ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি প্রশাসনের মাধ্যমে দোকানকোঠা বরাদ্দ দেওয়া হোক।
বাহুবল উপজেলা প্রকৌশলী রাকিব হাসান বলেন, যেহেতু চুক্তিনামায় উল্লিখিত ৩নং শর্ত ভঙ্গ তাই চুক্তির ১১(ঙ) নং শর্ত অনুযায়ী ৩ জনের নামে বরাদ্দকৃত মহিলা কর্নারের ৩টি দোকানঘরের বরাদ্দ ৬ নভেম্বর পত্র জারির তারিখ হতে বাতিল করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




