প্রতীকী ছবি
হবিগঞ্জ শহরে একদল পাগলা কুকুরের কামড়ে নারী পুরুষ ও শিশুসহ ২৪ ঘণ্টায় ৭১ জন আহত হয়েছেন। আহতরা জেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুমিন উদ্দিন চৌধুরী।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বিকেল পর্যন্ত শহরের বেবিস্ট্যান্ড, ঘাটিয়া বাজার গার্নিংপার্ক, ব্যাক রোড, কোর্ট মসজিদ ও জেলা প্রশাসনের কার্যালয়ের আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত থেকে পাগলা কুকুর শহরের একের পর এক কামড়াতে থাকে। দুপুর ১২টার দিকে শহরের মাতৃছায়া কিন্ডারগার্টেনে সন্তানকে নিতে আসেন অভিভাবক অর্জিত দাশ (৪০)। প্রতিষ্ঠানটির গেটের কাছে যাওয়ামাত্র হঠাৎ কুকুর তার হাঁটুতে কামড়াতে থাকে। তার পাশে থাকা অপর এক অভিভাবককেও একইভাবে কামড় দেয় কুকুরটি। একইভাবে শহরের পৌর বিপণির সামনে রিকশা থেকে নেমে হেঁটে বাসায় যাচ্ছিলেন জয়ন্তী দাস নামের এক নারী। কিছু বোঝার আগেই কুকুরটি তার পায়ে কামড়ে ধরে। এ সময় এক ব্যবসায়ী কুকুরটি ছাড়াতে লাঠি নিয়ে এগিয়ে এলে কুকুরটি ওই ব্যক্তির ঘাড় কামড়ে ধরে। এভাবে শহরের ডাকঘর, বাণিজ্যিক এলাকা, পুরান মুন্সিফি, টাউন হল সড়ক, সিনেমা হল রোডসহ শহরে বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় পাগলা কুকুর।
এ বিষয়ে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী জানান, শহরবাসীর নিরাপত্তার জন্য বেওয়ারিশ কুকুর নিধনের জন্য আমরা বিশেষ ক্যাম্পেইন করব।
জৈন্তা বার্তা/আরআর




