যুক্তরাজ্যের লেস্টারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি বংশদ্ভুত যুবক হোসেন সাজু, তার দুই শিশুসন্তান।
যুক্তরাজ্যের লেস্টারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশদ্ভুত এক পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টা ২৪ মিনিটে যুক্তরাজ্যেও লেস্টার ও নানিটনের মধ্যবর্তী হিঙ্কলি বারবেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পণ্যবাহী একটি লরির সাথে তাদের বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিলেটের নবীগঞ্জের ৩০ বছর বয়সী এক যুবক ও তার দুই শিশুসন্তান রয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে কোমায় রয়েছেন শিশু দুটির মা।
নিহতরা হলেন, আলমগীর হোসেন সাজু (৩০), তার দুই শিশু সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)।
দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেয়। ওয়েস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস, ইস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস, লেস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস ও লেস্টারশায়ার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিহত আলমগীর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামের আবদুল কালামের ছেলে। তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যের বার্মিংহামে। নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা আলমগীর একজন ব্যবসায়ী।
নিহত আলমগীরের চাচা ফরিদ জানান, শুক্রবার পরিবার নিয়ে একটি ডে ট্রিপে তারা লেস্টার গিয়েছিলেন। ফেরার পথে হিঙ্কলি এলাকায় একটি লরির সাথে সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাদের বহনকারী সিলভার কালারের বিএমডব্লিউ কারটি সম্পূর্ণ ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা আলমগীর হোসেন ও তার ছেলে জাকির হোসেনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালের নেয়ার পথে চার বছরের মাইরা হোসেন মারা যায়।
এছাড়া ঘটনার তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শীদের কাছে তথ্য চেয়েছে লেস্টারশায়ার পুলিশ। তারা বলেছে, ‘ইতোমধ্যে আমাদের অনুসন্ধানের অংশ হিসেবে বেশ কয়েক জনের সাথে কথা বলেছি। আপনারা যারা দুর্ঘটনাটি দেখেছেন বা ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় আপনাদের ড্যাশক্যামে যদি কোনো ফুটেজ রেকর্ড হয় কিংবা কোনো তথ্য জেনে থাকেন; তবে আমাদের সরবরাহ করুন।’
এদিকে দুই সন্তানসহ তরুণ ব্যবসায়ী আলমগীরের মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে ওয়ালসালে। পারিবারিকভাবে অত্যন্ত সুপরিচিত হওয়ায় ওয়ালসালে বসবাসকারী বাংলাদেশিসহ এশিয়ান কমিউনিটিতে বিরাজ করছে শোকের পরিবেশ।
যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল জানান, আলমগীর হোসেন সাজু বার্মিংহামের একজন ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ছিলেন। তাদের মৃত্যুতে এশীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
SH




