ব্যাংকে ঢুকে টাকা ছিনতাই: দুই পুলিশসহ ৫ জন রিমান্ডে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৬ PM

ব্যাংকে ঢুকে টাকা ছিনতাই: দুই পুলিশসহ ৫ জন রিমান্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৩ ১০:২৭:০৫ AM

ব্যাংকে ঢুকে টাকা ছিনতাই: দুই পুলিশসহ ৫ জন রিমান্ডে

ছবি: সংগৃহীত


রাজধানীর পল্টনের একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই পুলিশ কনস্টেবলসহ পাঁচজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক সুমিত কুমার সাহা।

এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- ডেমরা পুলিশ লাইনসের দুই কনস্টেবল মাহাবুব আলী ও আছিফ ইকবাল এবং তাদের তিন সহযোগী শাহজাহান, হৃদয় ও রাসেল।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের এক কর্মচারী ব্যাগে ২০ লাখ টাকা নিয়ে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় টাকা জমা দিতে যান। সেখানে দুই পুলিশ সদস্য ‘ওয়ারেন্ট’ আছে বলে তাকে ব্যাংকের বাইরে এনে ব্যাগটি নিয়ে নেন। এরপর তাকে একটি মোটরসাইকেলে বসিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নামিয়ে দেন। ব্যবসায়ী মামুন ঘটনাটি পুলিশকে জানালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী হৃদয়কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্য মাহবুব ও আসিফকে ১০ লাখ টাকাসহ গ্রেফতার করা হয়।

পরে বাসাবো থেকে শাহজাহান ও রাসেলকে গ্রেফতার করা হয়। রাসেলের বাসা থেকে বাকি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। 

এম সি