ছবি : সংগৃহীত
সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছে। ফলে অস্বস্তিতে কাটছে জনজীবন। এমন পরিস্থিতিতে দেশের পাঁচ বিভাগের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টায় রাজধানী সিলেটসহ দেশের পাঁচ বিভাগে তাপমাত্রা কমতে পারে। রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস আরো জানায়, আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, রাজস্থান এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর গুজরাট এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ স্থলনিম্নচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




