ফাইল ছবি
সিলেটস্কলার্স হোম কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছাত্রের নাম আজমান আহমদ (২০)। সে সুবিদবাজার বনকলাপাড়া এলাকার রাশেদ আহমদের ছেলে। বুধবার বিকেলে খবর পেয়ে পুলিশ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, আজমান আহমদ এবার ইয়ার চেঞ্জ পরীক্ষায় অকৃৃতকার্য হয়েছিল। অকৃতকার্যদেরকে তখন বলা হয়েছিল প্রাক নির্বাচনী পরীক্ষায় ভাল ফলাফল করতে না পারলে কলেজ থেকে চলে যেতে হবে। এ মাসের ৪ তারিখ প্রাক নির্বাচনী পরীক্ষার ফল বের হয়। তাতেও সে ৬ বিষয়ে ফেল করে। এর পর থেকে অকৃতকার্য শিক্ষার্থীরা কলেজ শাখায় নানাভাবে অনুরোধ করছে যেনো কলেজ থেকে টিসি না দেওয়া হয়।
বুধবার আজমান টিসির বিষয়ে কথা বলতে কলেজে গিয়েছিলো। কলেজ কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনমনীয়তা দেখায়। এরপর সে কলেজ থেকে ফিরে কলেজ ড্রেস পড়া অবস্থাতেই নিজ রুমে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহপাঠি জানান, একাধিক বিষয়ে ফেল করায় কলেজ শাখা থেকে টিসি দিয়ে দেওয়ার নিয়ম করেছে কলেজ কর্তৃপক্ষ। এই টিসির ভয়েই সে কলেজ ড্রেস পড়েই আত্মহত্যা করেছে। এসব অভিযোগ করেছে ছাত্রটির বোনও।
বিকেলে এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।’
জৈন্তাবার্তা / মনোয়ার




