ছবি : সংগৃহীত
কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নৌকা চলাচল নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাইকিংয়ের মাধ্যমে এই নির্দেশনা প্রচার করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
প্রশাসনের দেওয়া নির্দেশনায় জানানো হয়, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর স্পট পর্যন্ত কেবলমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই সীমার মধ্যে অন্য কোনো ধরনের নৌযান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই উদ্যোগের পেছনে মূল লক্ষ্য হচ্ছে নদীতে চলমান অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধ করা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতারা মিলে ধলাই সেতুর আশপাশে প্রকাশ্যে বালু লুট করে আসছিলেন। বিশেষ করে বিএনপি ও যুবদলের কিছু নেতার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অপতৎপরতা চলছিল বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এদিকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধলাই নদীর বিভিন্ন স্থান থেকে বালু লুটে ব্যবহৃত অন্তত ২০টি নৌকা জব্দ করা হয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং নিয়মিত নজরদারি চালানো হবে।
অভিযানের পরপরই কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ তার ফেসবুক পেজে নির্দেশনার একটি ভিডিও শেয়ার করে জানান, ‘কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নৌকা চলাচল নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জৈন্তাবার্তা / মনোয়ার




