শাবিপ্রবির সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার উদ্বোধন
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৪৬ AM

শাবিপ্রবির সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার উদ্বোধন

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ০৫:৫৫:০১ PM

শাবিপ্রবির সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার উদ্বোধন

ছবি:নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার সম্প্রসারিত অংশের দ্বিতীয় তলা উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাফেটেরিয়া ও ফুড কোর্ট পরিচালনা কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার সম্প্রসারণ বিশ্ববিদ্যালয়ের জন্য সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে দীর্ঘদিনের জায়গা সংকট নিরসন সম্ভব হবে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর আহমদ কবির চৌধুরী, গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আশরাফ উদ্দিন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ এছাক মিয়া এবং প্রক্টর প্রফেসর মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।

এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডির সদস্য, হল প্রভোস্ট, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুনভাবে যুক্ত দ্বিতীয় তলার ফলে ক্যাফেটেরিয়ার ধারণক্ষমতা ও পরিসর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করবে।

জৈন্তাবার্তা / সুলতানা