ছবি:নিজস্ব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও জরুরি প্রয়োজনে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘প্রাথমিক চিকিৎসা বক্স’ প্রদান করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সংগঠনটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের আবাসিক ৬টি হল এবং ছাত্রীদের জন্য নির্ধারিত দুইটি সাব-হলে এসব বক্স পৌঁছে দেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তিনটি ছাত্র হলে সাইকেলের পাম্পও সরবরাহ করা হয়।
সংবাদ সম্মেলনে শাবিপ্রবি শাখা শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের কথা বিবেচনা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি। হলে অবস্থানরত শিক্ষার্থীরা সামান্য দুর্ঘটনা বা অসুস্থতার প্রাথমিক পর্যায়ে যেন দ্রুত সেবা পেতে পারে, সেজন্য এই ‘ফার্স্ট এইড বক্স’ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন শাখার প্রচার সম্পাদক মুহসিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকের মতে, হলে ছোটখাটো দুর্ঘটনা বা অসুস্থতায় তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ার কারণে সমস্যায় পড়তে হয়। প্রাথমিক চিকিৎসা বক্স থাকলে শিক্ষার্থীরা অন্তত প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন।
জৈন্তাবার্তা / সুলতানা




