ছবি: নিজস্ব
সিলেট নগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ সোমবার সকাল ৮টা থেকে নগরীর পাঁচটি পয়েন্টে একযোগে এই অভিযান শুরু হয়।
অভিযানের প্রথমদিন শেষে ৮৭টি অবৈধ গাড়ি আটক করা হয়েছে এবং কাগজপত্র না থাকায় ১৭টি মামলা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, আটক করা ৮৭টি যানবাহনের মধ্যে রয়েছে- ব্যাটারি রিকশা ৬৫টি, সিএনজি অটোরিকশা ৫টি,মোটর সাইকেল ১৪টি, লেগুনা, ট্রাক ও পিকআপ একটি করে রয়েছে। এছাড়াও ১৭টি মামলা করা হয়েছে।
এর আগে সকাল থেকে নগরের মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলা এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এসময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র চেক করা হয়।
সকালে সিলেট মেট্রোপলিটন পুৃলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীও বিভিন্ন পয়েন্ট ঘুরে অভিযান তদারকি করেন। এসময় গণমাধ্যেমের সাথে আলাপকালে তিনি বলেন, অবৈধ যানবাহনগুলো নগর থেকে সরিয়ে নিতে আমরা সময় দিয়েছিলাম। আজকে সকাল থেকে অবৈধ সিএনজি অটোরিকশা, ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছি। তিনি বলেন, সিলেট নগরে কোন অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না।
পুলিশ কমিশনার বলেন, নগরের অবৈধ সিএনজি স্ট্যান্ডগুলো সরানোর ব্যাপারেও আমরা চিন্তা করছি। সিএনজিগুলো পার্কিংয়ের জায়গা নির্ধারণ করে দেওয়া হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




