সিলেটে পারমিটের দাবিতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বি*ক্ষোভ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫৬ AM

সিলেটে পারমিটের দাবিতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বি*ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ০২:২৮:৫৮ PM

সিলেটে পারমিটের দাবিতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বি*ক্ষোভ

ছবি : সংগৃহীত


সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা।

পারমিটের দাবিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেছেন তারা। ‘সিলেট ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ’ এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

সকাল থেকেই শত শত রিকশাচালক চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হন। দুপুর ১২টার দিকে তারা মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্টে পৌঁছে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বাঁশ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশি তৎপরতায় বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়নি। তবে 

চালকদের উত্তেজিত স্লোগানে পুরো এলাকা সরব হয়ে ওঠে।

পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। পথে পথে তারা স্লোগান দেন, ‘পারমিট চাই’, ‘রিকশা চালাতে দাও’, ‘গরিবের পেটে লাথি মারো না’। দুপুর সাড়ে ১২টার দিকে চালকরা ডিসি অফিসের সামনে অবস্থান নেন এবং দাবির পক্ষে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে, গত তিন দিনে নগরীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে শতাধিক যানবাহন আটক ও মামলা করা হয়। বুধবারের অভিযানে একদিনেই ৬৯টি যানবাহন আটক হয়, যার মধ্যে ব্যাটারিচালিত রিকশাই ছিল সবচেয়ে বেশি ৪৪টি। এ ছাড়া কাগজপত্র না থাকায় আরও ৩১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।

নগরীর শামীমাবাদ এলাকায় পরিচালিত অভিযানে ১০টি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ১৪৫ ফুট বৈদ্যুতিক তার, ১৮০টি চার্জিং পয়েন্ট ও ১০টি মিটার জব্দ করা হয়।

চালকদের অভিযোগ, পারমিট না দিয়ে রিকশা আটক ও মামলা দিয়ে তাদের জীবিকা বন্ধ করা হচ্ছে। তারা জানান, পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার জন্যই তারা পারমিট চান।

জৈন্তা বার্তা/আরআর