বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) শুক্র ও শনিবার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সোনারহাট, উৎমা, শ্রীপুর, সংগ্রাম, বিছনাকান্দি, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি এলাকার বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা, কিটক্যাট চকলেট, চিনি ও মদ জব্দ করা হয়।
এ সময় অবৈধ বিয়ার ও মদ পরিবহনের অভিযোগে একজনকে আটক এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা জব্দ করে বিজিবি।
এ ছাড়া ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় অভিযান চালায়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা, অরিও বিস্কুটসহ চোরাচালানীর পণ্য এবং পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত পণ্যের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ৪৩ লক্ষ টাকা।
এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত আসামিকে ভারতীয় মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত চোরাই পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




