ছবি:নিজস্ব
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় ঝুলেছে দুর্নীতি দমন কমিশনের নোটিশ। তিনি ও তার পরিবারের সদস্যরা বৈধ আয়ের বাইরে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অবস্থায় তাদের সম্পদের পূর্ণ বিবরণ আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
রোববার দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা ৩ সদস্যের একটি দল সিলেট নগরীর পাঠানটুলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসার দরজায় এ নোটিশ টানিয়ে দেয়।
নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস যে আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬ এর উপধারা (১) অনুযায়ী তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হলো।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে, আনোয়ারুজ্জামান চৌধুরী স্বনামে ও বেনামে বিপুল সম্পদ অর্জন করেছেন। ২১ কার্যদিবসের মধ্যে বিস্তারিত সম্পদ বিবরণী জমা না দিলে অথবা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জৈন্তাবার্তা / সুলতানা




