‘আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে শিল্পায়নের মাধ্যমে সিলেটের বেকারত্ব দূর করব’- খন্দকার মুক্তাদির
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৩৬ AM

‘আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে শিল্পায়নের মাধ্যমে সিলেটের বেকারত্ব দূর করব’- খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০৭:৪০:৩৮ PM

‘আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে শিল্পায়নের মাধ্যমে সিলেটের বেকারত্ব দূর করব’- খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


প্রবাসী অধ্যুষিত সিলেটে শিক্ষিত যুব-যুবতীদের মধ্যে বেকারত্ব দিনদিন বেড়েই চলেছে। দোকাননির্ভর কর্মসংস্থান, নারীদের বাইরে চাকরিতে যেতে অনীহা ও শিল্পকারখানার অভাবসহ নানা কারণে সিলেটে টেকসই কর্মসংস্থানের সংকট দীর্ঘদিনের। এই পরিস্থিতি বদলাতে শিল্পায়নই হবে প্রধান হাতিয়ার-এমন মন্তব্য করেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার ও বৃহস্পতিবার পৃথক নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, ‘আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে শিল্পায়নের মাধ্যমে সিলেটের বেকারত্ব দূর করবো। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নতুন উদ্যোগকে ফান্ডিং দিয়ে সহায়তা করা হবে।’

বুধবার রাতে সিলেট মহানগরীর ৮ নং ওয়ার্ডের পল্লবী পনিটুলা আবাসিক এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত এবং পরে ২৭ নং ওয়ার্ড নাগরিক কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ মুরুব্বী প্রদীপ ঘোষ এবং সঞ্চালনা করেন আজিজ খান সজিব। প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি ও হিন্দু ধর্মীয় ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন (বাপ্পু), হিন্দু ধর্মীয় ট্রাস্টের সাবেক ট্রাস্টি নিহাক রঞ্জন দাস, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি অ্যাশ, এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পল্লবী সমাজ কল্যাণ সংস্থা ও পনিটুলা পূজা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সনাতন সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক মানুষও সভায় অংশ নেন।

ব্যবসায়ীদের সাথে গণসংযোগ

বৃহস্পতিবার সকালে খন্দকার মুক্তাদির জিন্দাবাজারের প্ল্যানেট আরাফ, কাজী ম্যানশন, লতিফ সেন্টারসহ বিভিন্ন মার্কেটে গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চান। ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের উন্নয়নে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলমত নির্বিশেষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বাদ জোহর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন খন্দকার মুক্তাদির। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ