ছবি:সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের বাস সেবায় প্রযুক্তির ছোঁয়া দিতে পরীক্ষামূলকভাবে ‘সাস্ট বাস ট্র্যাকিং সিস্টেম’ অ্যাপ চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী তাঁর দপ্তরে অ্যাপটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার এমরান আহমেদ চৌধুরী, উপাচার্যের সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রার ড. এ. এফ. এম. সালাউদ্দিন, অতিরিক্ত হিসাব পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম তালুকদার এবং অ্যাপের উদ্ভাবক সিএসই বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাইফুর রহমান ও তাঁর দলের সদস্যরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই অ্যাপ ব্যবহার করে শিক্ষার্থীরা বাসের লাইভ লোকেশন, নির্ধারিত স্টপেজ ও রুট সম্পর্কিত হালনাগাদ তথ্য সহজেই জানতে পারবেন। উদ্যোগটি শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে স্বচ্ছতা ও সুবিধা বাড়াবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




