খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, ন্যায় ও মানবাধিকারের প্রতীক : কাইয়ুম চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৫২ PM

ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত নির্ধারক

খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, ন্যায় ও মানবাধিকারের প্রতীক : কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৫ ০৭:৫৫:৫৯ PM

খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, ন্যায় ও মানবাধিকারের প্রতীক : কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বেগম জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, ন্যায় ও মানবাধিকারের প্রতীক। তার সুস্থতা ও মুক্তি দেশের কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমআ হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, দেশ এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে। সামনে অনুষ্ঠিতব্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার নির্ধারিত লড়াই। তিনি বলেন, ‘বিএনপি প্রস্তুত, জনগণ প্রস্তুত-দেশ পরিবর্তনের সময় এসেছে।’

কাইয়ুম চৌধুরী বলেন, গত কয়েক বছরের অস্থিতিশীলতা, অব্যবস্থাপনা, লুটপাট ও গণতন্ত্রহীনতার অবসানই জনগণের প্রত্যাশা। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে-যেখানে রাষ্ট্রক্ষমতার একমাত্র ভিত্তি হবে জনগণের ভোট।

তিনি আরও বলেন, ন্যায়বিচারহীন মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের মধ্যেও বিএনপি মানুষের পাশে থেকেছে। জনগণের রায় বিভ্রান্ত হয় না-ফেব্রুয়ারির নির্বাচনে জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

দেশনেত্রী বেগম জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে দেশ-বিদেশে মানুষের উদ্বেগের কথা উল্লেখ করে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি, শাহজামাল নুরুল হুদা, শহিদ আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সলসহ দলের জেলা, উপজেলা ও পৌর-ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলার প্রতিটি মসজিদে জুম্মার নামাজ শেষে একই কর্মসূচি পালন করা হয়। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষও নিজ নিজ উপায়ে বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনায় অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ