ছবি:সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে সিলেট-০১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে তিনি জিন্দাবাজারের প্ল্যানেট আরাফ, লতিফ সেন্টার, কানিজ প্লাজা ও ওভারসীজ সেন্টারসহ গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ শুরু করেন। বাদ জোহর তিনি গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। পরে ৯নং ওয়ার্ডের সুরমা আবাসিক এলাকা ও ২৭নং ওয়ার্ডে গণসংযোগ করেন।
গণসংযোগকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেটের অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি। সিলেট থেকে ঢাকায় যেতে মানুষের ঘন্টার পর ঘন্টা সময় লাগে। বিশ্বব্যাপী ট্রেন সবচেয়ে নিরাপদ ভ্রমণ হলেও আমাদের দেশের ট্রেন ব্যবস্থা খুবই নাজুক। আল্লাহ সুযোগ দিলে সিলেট-ঢাকা রুট আধুনিকায়ন করে দ্রুত ও নিরাপদ ট্রেন সেবা নিশ্চিত করা হবে।’
তিনি ডা. মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘একজন বাবা তার জীবদ্দশায় গুম হওয়া ছেলের ফিরে আসা দেখতে না পারা-এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না। দিনারের পরিবারের মতো আমরাও গভীরভাবে শোকাহত।’ তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, নিহার রঞ্জিন পুরকাস্থ, মুফতি রায়হান উদ্দিন মুন্না, জাহেদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




