ছবি:সংগৃহীত
অবশেষে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে নির্বাচনী মাঠে নামলেন নতুন সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বালাগঞ্জের গহরপুর জামিয়ায় এক উলামা-সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থীতার ঘোষণা দেন।
ঘোষণা আসামাত্রই সমাবেশে উপস্থিত শত শত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। কয়েক মুহূর্তের মধ্যেই মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর পক্ষে সমস্বরে স্লোগান দিতে থাকেন তারা। এতে কয়েকদিন ধরেই এলাকায় চলমান নানা জল্পনা-কল্পনারও অবসান ঘটে।
প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই সিলেট-৩ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। দেশ-বিদেশে প্রবাসী সমর্থকদের মাঝেও বিষয়টি ব্যাপক আলোড়ন তুলেছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
দলীয় নেতৃবৃন্দ জানান, মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর প্রার্থীতাকে তারা স্বাগত জানাচ্ছেন। তাঁদের বিশ্বাস, ‘রিকশা মার্কা’ প্রতীকে তিনি এই আসনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষাঙ্গনে দায়িত্ব পালন করে আসছেন। ২০০৬ সালের ২২ জুলাই থেকে তিনি জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




