এনসিপি মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন তাসনিয়া আক্তার লুবনা
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:২২ PM

এনসিপি মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন তাসনিয়া আক্তার লুবনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ১১:৩৭:২৭ PM

এনসিপি মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন তাসনিয়া আক্তার লুবনা

ছবি:সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক ও শিক্ষিকা তাসনিয়া আক্তার লুবনা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি এনসিপির সঙ্গে ময়দানী রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত আছেন।

দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তাসনিয়া আক্তার লুবনা বলেন,‘জাতীয় নাগরিক পার্টি আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য গৌরবের। এনসিপি আজ যোগ্যতা, পরিশ্রম ও ত্যাগের মূল্যায়ন করে নেতৃত্ব নির্বাচন করছে-এটাই দলের সবচেয়ে বড় শক্তি। সিলেট মহানগরে সুস্থ রাজনীতি, স্বচ্ছ নেতৃত্ব ও ইতিবাচক পরিবর্তনের জন্য আমি আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।’

তিনি বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের রাজনীতির বিপরীতে এনসিপি জনগণের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে।

‘কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা ও সিলেটবাসীর সমর্থন নিয়ে এনসিপিকে মহানগরে আরও দৃঢ় ও সংগঠিত করে তুলব, ইনশাআল্লাহ।’

জানা গেছে, এনসিপি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই তাসনিয়া আক্তার লুবনা বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নিয়ে আসছেন। ফলে তাকে সংগঠনের নেতৃত্বে আনার বিষয়টি স্বাগত জানিয়েছে তৃণমূলের নেতাকর্মীরা।

সম্প্রতি ১০১ সদস্যবিশিষ্ট এনসিপি সিলেট মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল আহ্বায়ক এবং মো. কিবরিয়া সারওয়ার সদস্য সচিব হয়েছেন। কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে ঘোষিত এই কমিটি সিলেট মহানগরে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করছেন দলীয় নেতারা।

দলটির নেতৃবৃন্দ জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা, সাংগঠনিক বিস্তার বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিটি ঘোষণার পর সিলেট মহানগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ